ফুটবল ইতিহাস • প্রতিদ্বন্দ্বী থেকে সতীর্থ! মেসি-রোনালদোকে নিয়ে স্বপ্ন
৮ অক্টোবর ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা শিশির মনিরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
রাশেদ খান বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করবে, অন্যদিকে একই মামলায় আসামিদের পক্ষে শিশির মনিরকে আইনজীবী হিসেবে কাজ করতে দেবে-এটি তাদের দ্বিচারিতা। জনগণ বিষয়টি জানে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন রাজপথে কর্মসূচি পালন করেছে। শিবিরও কর্মসূচি করেছে, এনসিপিও কর্মসূচি পালন করেছে। কিন্তু আবরার হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন শিশির মনির, যিনি জামায়াতের আইনজীবী হিসেবে পরিচিত এবং একই সঙ্গে দলটির এমপি প্রার্থীও ছিলেন।
রাশেদ খান প্রশ্ন তুলে বলেন, জামায়াতের আইনজীবী হিসেবে শিশির মনির যখন আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়িয়েছেন, তখন শিবির কীভাবে একই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে কর্মসূচি করে? এ সময় জুলাই আন্দোলন নিয়েও শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি দাবি করেন, জুলাইয়ের সময় শিশির মনিররা রাজপথে নামেননি।
রাশেদ খান বলেন, জুলাই আন্দোলনের পক্ষে শিশির মনিরের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট ছিল কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে। এমনকি তার ফেসবুক প্রোফাইলও লাল করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। তবে শিশির মনিরের পক্ষ থেকে এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।