সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি কর্মী


আগামী সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী ছয় মাসের মধ্যে মালয়েশিয়ায় দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। এর বাইরে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ নেওয়া হবে।

৩০ আগস্ট ২০২৬, ১:০৪ অপরাহ্ণ 

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি কর্মী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী সেপ্টেম্বরের শেষ দিক থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ নেওয়া হবে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যেই কর্মী পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়ার কথা জানিয়েছেন মালয়েশিয়ার হাইকমিশনার।

দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে মোট দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়া হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে কোনো ধরনের খরচ ছাড়াই মালয়েশিয়ায় নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘জিরো কস্টে’ নেওয়া এই ১০ হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়াও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন খাতে বাংলাদেশে প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথাও জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রায় আট লাখ নিবন্ধিত শ্রমিক রয়েছেন। এ ছাড়া কিছু অনিবন্ধিত শ্রমিকও রয়েছেন। তাদের নিবন্ধনের আওতায় আনার বিষয়ে মালয়েশিয়ার হাইকমিশনারকে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যদিকে মালয়েশিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন।

সরকারের পক্ষ থেকে মালয়েশিয়াকে এলএনজি আনার বিষয়ে দেওয়া চিঠি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।