ফুটবল ইতিহাস • প্রতিদ্বন্দ্বী থেকে সতীর্থ! মেসি-রোনালদোকে নিয়ে স্বপ্ন
১১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন আজ ১১ অক্টোবর। বিশেষ এই দিনকে ঘিরে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন "ঢালিউড কুইন" খ্যাত এই তারকা। জন্মদিনের প্রথম প্রহরে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করেছেন তিনি।
জন্মদিন উপলক্ষে কেকের ওপর লেখা ছিল, "হ্যাপি বার্থডে মম, আই লাভ ইউ"। মায়ের বিশেষ দিনে ছেলের এই ভালোবাসার বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিন উদযাপনে যোগ করেছে আবেগের মাত্রা। এর আগেও জন্মদিনের আগাম বার্তা দিয়ে একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেছিলেন অপু। সেখানে কেক হাতে দেখা যায় তাঁকে। ভিডিওটির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, "আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর"।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। ছোটবেলায় নাচ শেখার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। পরে অভিনয়ে যুক্ত হয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত "কাল সকালে" চলচ্চিত্রের মাধ্যমে তাঁর সিনেমায় অভিষেক হয়। পরের বছর এফ আই মানিকের "কোটি টাকার কাবিন" ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী।
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের জনপ্রিয়তা আরও দৃঢ় করেন অপু। "চাচ্চু","দাদীমা","আমার জান আমার প্রাণ","মনে প্রাণে আছো তুমি","ভালোবাসলেই ঘর বাঁধা যায় না" ও "দেবদাস" সহ বেশ কিছু আলোচিত চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। পর্দায় শাকিব-অপু জুটির জনপ্রিয়তা দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মধ্যে বিশেষ জায়গা ধরে রেখেছে।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। "লাল শাড়ি" চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেন তিনি। দীর্ঘদিনের ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া এই তারকার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা ও শুভকামনা অব্যাহত রয়েছে।
জন্মদিনে অপু বিশ্বাসের জন্য ভক্তদের প্রত্যাশা নতুন কাজ, সাফল্য ও আনন্দে ভরে উঠুক তাঁর আগামী দিনগুলো।