মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও চালকদের জন্য বাংলাদেশ পুলিশের ১২টি জরুরি নির্দেশনা


সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। নিজের ও পরিবারের সুরক্ষায় এসব নিয়ম মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ 

সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও চালকদের জন্য বাংলাদেশ পুলিশের ১২টি জরুরি নির্দেশনা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়িচালকদের জন্য ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই হেলমেট ব্যবহারের কথা বলা হয়েছে। একই সঙ্গে গাড়ির চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুইজন চলাচল করতে পারবেন বলেও জানানো হয়েছে।

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অহেতুক হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি লেন পরিবর্তন বা মোড় নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখেও গাড়ি চালাতে বলা হয়েছে।

কুয়াশা, বৃষ্টি কিংবা খারাপ আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক জ্যাম বা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য না হারিয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছে।

মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করে নির্ধারিত লেন মেনে চলার নির্দেশনাও রয়েছে। এ ছাড়া চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের সব হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

নিজের ও পরিবারের নিরাপত্তার পাশাপাশি সড়কে অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।