সোমবার, ১৩ জুলাই, ২০২৬

৯ জেলায় ২৪-৪৮ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা


দেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের ৯টি জেলার নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে অথবা চলমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সোমবার (১৩ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। তবে একই সময়ে পাহাড়ি অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে সংস্থাটি।

১৩ জুলাই ২০২৬, ৭:০০ অপরাহ্ণ 

৯ জেলায় ২৪-৪৮ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত সংস্থাটির নিয়মিত বন্যা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি যেসব এলাকায় ইতোমধ্যে পানি বেড়েছে, সেখানে পরিস্থিতি আরও কিছুটা খারাপ হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে দেশের চারটি নদীর চারটি পর্যবেক্ষণ স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদী, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদী।

অন্যদিকে, পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতিতে ধীরে ধীরে উন্নতির আভাস দিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি অব্যাহত থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং নদীর পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে।